
ফাইল ছবি
দেশের বাজারে সোনার দাম আরও একবার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়েছে। এর ফলে এখন থেকে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারেও দাম কমানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ৩৬৬ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
এ নিয়ে টানা সাত দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমলো মোট ৩৫ হাজার ৫৭৫ টাকা। তবে সোনার দাম দফায় দফায় কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারিত রয়েছে।
কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত বাজার পর্যবেক্ষণের অংশ হিসেবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। টানা কয়েক দফা দাম কমার ফলে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।










































