
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের ধস নেমেছে। মাত্র এক দিনের ব্যবধানে মূল্যবান এই ধাতুটির দাম ২ দশমিক ৩৬ শতাংশ কমেছে। রোববার (২২ মার্চ) আন্তর্জাতিক সোনা ও রূপার বাজার পর্যবেক্ষণকারী নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস’ এই তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক বাজারের সবশেষ তথ্য অনুযায়ী, প্রতি আউন্স সোনার দাম ১০৮ দশমিক ৮৩ ডলার হ্রাস পেয়ে ৪ হাজার ৪৯৪ ডলারে নেমে এসেছে। বিশ্ববাজারে এই নিম্নমুখী প্রবণতার কারণে বাংলাদেশের বাজারেও সোনার দাম কমতে পারে বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে দামের বড় ধরনের পরিবর্তন হলে স্থানীয় বাজারেও তার প্রভাব পড়ে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যে কোনো সময় দেশের বাজারে সোনার নতুন দাম ঘোষণা করা হতে পারে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে সোনার দাম কমিয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বর্তমানে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় কেনাবেচা হচ্ছে।








































