মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শেয়ার

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার: জ্বালানি যুগ্মসচিব


Monir-Hossain

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসের মতোই মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করবে সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে—এ তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

সোমবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি জানান, সরকারের হাতে এখন ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলের মজুত রয়েছে। আগামী এপ্রিলেই আরও দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে, ফলে জ্বালানি সংকটের আশঙ্কা নেই।

তিনি বলেন, দেশের মোট জ্বালানির প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা কৃষি সেচ ও গণপরিবহনে ব্যবহৃত হয়। অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলকভাবে কম।

জ্বালানি সাশ্রয়ের জন্য সরকার বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ খতিয়ে দেখছে জানিয়ে মুখপাত্র বলেন, সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো কিংবা অনলাইন ক্লাস চালুর মতো বিকল্প ব্যবস্থাও আলোচনায় রয়েছে।

তিনি আশ্বস্ত করেন, জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।