
ছবি: সংগৃহীত
ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণের উদ্যোগ এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা নিয়ে তারা আলোচনা করেন। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই কৌশলগত সমন্বয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।




































