শুক্রবার । এপ্রিল ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শেয়ার

ওসমান হাদি হত্যাকাণ্ড

১৪ দিনের রিমান্ডে ফয়সাল, আলমগীর ও ফিলিপ সাংমা


Faysal-Karim

ফাইল ছবি

কলকাতায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং তাদের দেশত্যাগে সহায়তাকারী ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল রিমান্ডে পাঠিয়েছেন বিধাননগর মহকুমা আদালত।

বৃহস্পতিবার তিনজনকে আদালতে ভার্চুয়ালি হাজির করা হলে বিচারক আগামী ১৬ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

এদিন কলকাতায় অবৈধ অনুপ্রবেশ মামলায় তিন অভিযুক্তের বিরুদ্ধে এসটিএফ নথি জমা দেয়। তবে মূল দুই আসামি—ফয়সাল ও আলমগীর—দিল্লিতে ইউএপিএ মামলায় এনআইএ হেফাজতে থাকায় আদালতে উপস্থিত ছিলেন না। দমদম সেন্ট্রাল জেল থেকে ফিলিপ সাংমা এবং দিল্লি থেকে ভার্চুয়ালি ফয়সাল-আলমগীরকে আদালতে দেখানো হয়।

এর আগে ২২ মার্চ পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে হাজিরের পর আদালতের অনুমতিতে এনআইএ ২৩ মার্চ দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যায়। এরপর থেকেই তারা এনআইএ হেফাজতে রয়েছেন।

এদিকে ঢাকায় শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।