
ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) এক শোক বার্তায় তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দুর্ঘটনার খবর জানার পরপরই প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তিনি অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত ও উন্নত সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী অবিলম্বে তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন।
এর আগে শনিবার দুপুর ১টা ১০ মিনিটে কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত ওই গ্যাসলাইটার কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া আরও বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন বলে জানা গেছে।
বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রাণহানিকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ এবং ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেন। তিনি নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
কেরানীগঞ্জের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান শেষে এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও আগুনের সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।






































