
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ফাইল ছবি
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, পহেলা বৈশাখ কোনো ধর্মীয় উৎসব নয়; এটি মূলত সাধারণ মানুষ ও কৃষক সমাজের সার্বজনীন উৎসব। আনন্দ শোভাযাত্রা ও মঙ্গল শোভাযাত্রা একই ধারার অংশ উল্লেখ করে তিনি জানান, আগামী পহেলা বৈশাখে অনুষ্ঠানের নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।
শনিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা আধুনিক ডাকবাংলোর ডুপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, জনগণ যে-ই ভোট দিয়ে থাকুক, সবার জন্য সমানভাবে কাজ করবে সরকার। তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে।
বিগত সরকারের নানা অনিয়ম ও ‘দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট শাসন’ দেশের দারিদ্র্য বাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আশ্বাস দেন, বর্তমান সরকার গুম-খুন, হত্যা বা দুর্নীতিতে জড়াবে না এবং আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে।
মাদক বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মাদকের ব্যাপারে কোনো সমঝোতা নয়; সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেনসহ স্থানীয় প্রশাসন ও দলের নেতারা।






































