
ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র
ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র তার ক্যারিয়ারের সম্ভবত শেষ বিশ্বকাপে অংশ নিতে মরিয়া হয়ে উঠেছেন। চোটের সাথে দীর্ঘ লড়াই শেষে নিজেকে পুরোপুরি ফিট করতে আবারও ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে এই তারকা ফরোয়ার্ডকে।
স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ফিফা আন্তর্জাতিক বিরতির সুযোগে নেইমার তার হাঁটুর একটি জরুরি অস্ত্রোপচার করিয়েছেন। সম্প্রতি কোপা সুদামেরিকানার প্রথম ম্যাচে কুয়েঙ্কার বিপক্ষে ব্রাজিল দলের সংবাদ সম্মেলনে কোচ কুকা নেইমারের এই অস্ত্রোপচারের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশনের পর বর্তমানে নেইমার বিশ্রামে রয়েছেন এবং এই কারণে তিনি নিয়মিত অনুশীলনে অংশ নিতে পারেননি।
মার্কার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান লিগ মৌসুম শেষ হওয়ার পরপরই চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচারের চূড়ান্ত সিদ্ধান্ত নেন নেইমার। এবারের অস্ত্রোপচারে আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে ‘প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা’ (PRP) ব্যবহার করা হয়েছে। এই বিশেষ পদ্ধতির মাধ্যমে তার হাঁটুর সংযোগস্থলের ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।
মূলত বিশ্বকাপের কয়েক মাস আগে নিজেকে শতভাগ ফিট প্রমাণ করে স্কোয়াডে জায়গা করে নেওয়া এবং কোচ কার্লো আনচেলত্তির আস্থা অর্জন করতেই নেইমার এই বিশেষ পুনরুদ্ধার কর্মসূচি বা রিকভারি প্রোগ্রাম শুরু করেছেন। আন্তর্জাতিক বিরতির এই সময়টুকু চিকিৎসার জন্য বেছে নেওয়াকে নেইমারের দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে নিজের উপস্থিতি নিশ্চিত করতে এটিই তার শেষ প্রচেষ্টা। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, আধুনিক এই চিকিৎসার পর নেইমার কত দ্রুত মাঠে ফিরে নিজের জাদু দেখাতে পারেন এবং ব্রাজিলের হলুদ জার্সিতে শেষবারের মতো বিশ্বমঞ্চ মাতাতে পারেন।











































