
৪৮ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ২০২৬ ফুটবল বিশ্বকাপ
ইতিহাসের প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ২০২৬ ফুটবল বিশ্বকাপ। জমজমাট এই আসর শুরুর মাত্র দুই মাস বাকি থাকতেই ফুটবলের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা। মূলত খেলার গতি বাড়ানো এবং অনাকাঙ্ক্ষিত সময় অপচয় রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন সকার-এর প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে কার্যকর হতে যাওয়া ৫টি প্রধান পরিবর্তন নিচে তুলে ধরা হলো:
১. গোলকিক ও থ্রো-ইনে ৫ সেকেন্ডের সময়সীমা: ম্যাচে এগিয়ে থাকা দলগুলোর সময়ক্ষেপণ বন্ধ করতে এখন থেকে গোলকিক ও থ্রো-ইন নিতে হবে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে। নির্ধারিত সময়ের বেশি দেরি করলে বলের দখল সরাসরি প্রতিপক্ষের কাছে চলে যাবে।
২. খেলোয়াড় বদলে ১০ সেকেন্ডের কড়াকড়ি: মাঠ থেকে বদলি খেলোয়াড়কে সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে বেরিয়ে যেতে হবে। এই নিয়ম ভাঙলে বদলি খেলোয়াড়কে মাঠে নামার আগে ১ মিনিট অপেক্ষা করতে হবে। ওই সময়টুকু সংশ্লিষ্ট দলকে ১০ জন নিয়ে খেলতে হবে।
৩. মাঠের বাইরে চিকিৎসা: খেলা চলাকালীন কোনো খেলোয়াড় চোটের জন্য চিকিৎসা চাইলে তাকে বাধ্যতামূলকভাবে ১ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে প্রতিপক্ষের খেলোয়াড় ফাউল করে কার্ড দেখলে এই নিয়ম কার্যকর হবে না।
৪. ভিএআরের (VAR) বর্ধিত ক্ষমতা: ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। এখন থেকে দ্বিতীয় হলুদ কার্ড বা লাল কার্ডের সিদ্ধান্তের পাশাপাশি কর্নারের ভুল সিদ্ধান্তগুলোও ভিএআরের মাধ্যমে যাচাই করা হবে।
৫. রেফারির সঙ্গে কথা বলবেন শুধু অধিনায়ক: মাঠে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে অন্য কোনো খেলোয়াড় জটলা করতে পারবেন না। এই এখতিয়ার থাকবে কেবল দলের অধিনায়কের। অন্য কেউ রেফারির দিকে তর্কে এগিয়ে গেলে সরাসরি হলুদ কার্ড দেখানো হবে।
ফুটবল বোদ্ধাদের মতে, এই নিয়মগুলো কার্যকর হলে খেলায় অযথা সময় নষ্ট করার প্রবণতা কমবে এবং দর্শকরা আরও গতিশীল ফুটবল উপভোগ করতে পারবেন।













































