বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১ এপ্রিল ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার

দুই যুগ পর বিশ্বকাপের মূল মঞ্চে তুরস্ক


turkey

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে ফিরলো তুরস্ক। প্রিস্টিনায় অনুষ্ঠিত প্লে-অফ ফাইনালে স্বাগতিক কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের চূড়ান্ত আসরে জায়গা করে নিলো তুর্কিরা।

ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে। কেরেম আকতারকোগ্লুর করা দর্শনীয় গোলটিই তুরস্ককে জয়ের বন্দরে পৌঁছে দেয়। দ্বিতীয়ার্ধের ওই এক গোলেই নিশ্চিত হয় তুর্কিদের দুই যুগের অপেক্ষার অবসান।

অন্যদিকে, ঘরের মাঠে বুক চিতিয়ে লড়াই করেও শেষ পর্যন্ত ‘স্বপ্নভঙ্গের’ বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কসোভোকে। সমতায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েও বারবার দুর্ভাগ্যের কাছে হার মেনেছে তারা। বিশেষ করে প্রথমার্ধে কসোভোর একটি বুলেট গতির শট তুরস্কের গোলপোস্টে লেগে ফিরে আসলে স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম।

২০১৬ সালে ফিফা ও উয়েফার স্বীকৃতি পাওয়া কসোভোর সামনে সুযোগ ছিল ইতিহাস গড়ার, কিন্তু পোস্ট আর ভাগ্যের ফেরে তাদের বিশ্বকাপ অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। কসোভোর লড়াইকে ছাপিয়ে শেষ হাসি হাসলো অভিজ্ঞ তুরস্কই।

সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ খেলেছিল তুরস্ক, সেবার তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। দুই যুগ পর আবারও সেই বৈশ্বিক মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পেল দলটি।

আগামী ২০২৬ বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সি’ গ্রুপে খেলবে তুরস্ক। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। দুই যুগ পর বিশ্বমঞ্চে তুরস্কের এই প্রত্যাবর্তন ফুটবল বিশ্বে নতুন এক উদ্দীপনার সৃষ্টি করেছে।