বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১ এপ্রিল ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

স্বপ্নভঙ্গ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির, বিশ্বকাপে বসনিয়া


Bosnia

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে দাপুটে খেলেও ভাগ্য সহায় হলো না ইতালির। ম্যাচজুড়ে আক্রমণ, অসংখ্য সুযোগ এবং দোন্নারুম্মার দুর্দান্ত দশটি সেভ—তবু শেষ পর্যন্ত টাইব্রেকারে থামতে হলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বসনিয়া ও হার্জেগোভিনা পেনাল্টিতে ৪-১ গোলে জয় পেয়ে নিশ্চিত করল তাদের ১২ বছর পরের বিশ্বকাপ যাত্রা। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে স্কোর ছিল ১-১।

মঙ্গলবার রাতে বসনিয়ার মাঠে ম্যাচের ১৫ মিনিটেই প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় ইতালি। গোলরক্ষকের ভুলে পাওয়া বল বারেল্লা থেকে মোইজে কিন বক্সের বাইরে থেকে শটে গোল করেন। কিন্তু প্রথমার্ধ শেষের আগেই বড় ধাক্কা খায় অতিথিরা—মেমিককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাস্তোনি।

১০ জনের দলে খেলেও ইতালি কয়েকটি সুযোগ পায়, যার মধ্যে ৬০ মিনিটে কিনের ওয়ান-অন-ওয়ান মিস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৭৯তম মিনিটে চাপ বাড়াতে থাকা বসনিয়া সমতা ফিরিয়ে আনে—দোন্নারুম্মা জেকোর প্রচেষ্টা ঠেকালেও রিবাউন্ড থেকে জালে পাঠান হারিস তাবাকোভিচ।

অতিরিক্ত সময়েও দুই দল সুযোগ পেলেও গোল পায়নি কেউ। টাইব্রেকারে এসপোসিতোর শট বাইরে যায়, ক্রিস্তান্তের শট লাগে ক্রসবারে। বিপরীতে বসনিয়ার প্রথম চার শুটারই জালের দেখা পান।

২০০৬ সালে শেষবার বিশ্বকাপ জেতা ইতালি টানা তিন আসর ধরে মূলপর্বে উঠতে ব্যর্থ হলো—তিনবারই থামল প্লে-অফে। অন্যদিকে, ২০১৪ সালের পর এবারই দ্বিতীয়বার বিশ্বকাপে খেলতে যাচ্ছে বসনিয়া।

ইউরোপের আরেক প্লে-অফ ফাইনালে ডেনমার্ককে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে চেক রিপাবলিক। নির্ধারিত সময়ে ছিল ১-১, অতিরিক্ত সময়ে ২-২ সমতা।