বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৮ এপ্রিল ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
শেয়ার

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় কাল


Abu-sayeed

ফাইল ছবি

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন।

মামলার প্রসিকিউটর মঈনুল করিম জানান, আসামিদের বিরুদ্ধে ২৫ জন সাক্ষীর জবানবন্দি ও পর্যাপ্ত তথ্য-উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। সাক্ষীদের মধ্যে বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আবু সাঈদের বাবা মকবুল হোসেনও রয়েছেন। প্রসিকিউশন পক্ষ আশা প্রকাশ করছে যে, অকাট্য প্রমাণের ভিত্তিতে আসামিরা তাদের অপরাধ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পাবেন।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। প্রসিকিউশনের বিবরণ অনুযায়ী, সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের ছোঁড়া গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়। বুক পেতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার ওপর চালানো সেই নৃশংস গুলিবর্ষণের ভিডিও চিত্র সে সময় বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছিল।

এই মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। সাবেক ভিসি হাসিবুর রশীদ এবং আরপিএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ বাকি ২৪ জন আসামি এখনো পলাতক।

উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে চলতি বছরের ২৭ জানুয়ারি আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন।

বহুল আলোচিত এ মামলার রায়কে ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, আদালতের রায়ে কী সিদ্ধান্ত আসে।