শুক্রবার । এপ্রিল ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ এপ্রিল ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
শেয়ার

জামুকা সংশোধনে বিল পাস: একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল


jatia-sangsad

ছবি: সংগৃহীত

পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে বিবেচিত সে সময়ের মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম—এই দলগুলোর নাম বহাল রেখেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ সংশোধন বিল পাস করেছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিলটি উত্থাপন করেন, পরে কণ্ঠভোটে তা পাস হয়।

বিলটিতে আপত্তি জানিয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। তিনি বলেন, অধ্যাদেশটি বর্তমান অবস্থায় পাস হলে উল্লিখিত দলগুলো পাকিস্তানের সহযোগী দল হিসেবেই দেশে বহাল থাকবে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে তাদের জোটসঙ্গী এনসিপি স্পিকারের কাছে লিখিতভাবে জানায় যে, বিলটির প্রতি তাদের কোনো আপত্তি নেই।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু বিল আকারে আনার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। এ প্রতিবেদনের বিরোধিতা করে জামায়াতের এমপিরা আরও বলেন, ২০০২ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আইনে দলগুলোকে পাকিস্তানি সহযোগী হিসেবে উল্লেখ করা হয়নি। রাজনৈতিক দলকে সশস্ত্র বাহিনী হিসেবে চিহ্নিত করা “ফ্যাসিবাদী রাজনীতির প্রতি সমর্থন” বলেও মন্তব্য করেন তারা।

জামায়াত এমপিরা অধ্যাদেশে ‘বীর মুক্তিযোদ্ধা’ ও ‘মুক্তিযুদ্ধের’ সংজ্ঞায় পরিবর্তন আনার দাবি তোলেন।