শুক্রবার । এপ্রিল ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৯ এপ্রিল ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
শেয়ার

পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, সংসদে বিল পাস


mir-sahe-alam

প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন এনে জাতীয় সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে এখন থেকে পৌরসভা নির্বাচনে আর কোনো দলীয় প্রতীক থাকছে না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই বিলটি পাস হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করার লক্ষ্যেই এই সংশোধন আনা হয়েছে।

বিলটি পাসের সময় তীব্র প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা অভিযোগ করেন, এই আইন স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করবে এবং নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে প্রশাসক নিয়োগের পথ প্রশস্ত করবে।

বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ সংসদে বলেন, “আওয়ামী লীগের সমালোচনা করা হলেও ক্ষমতা ধরে রাখতে তাদের করা আইনই এখন গ্রহণযোগ্য হয়ে উঠছে।” বিশেষ পরিস্থিতির অজুহাতে জারি করা অধ্যাদেশকে আইনে রূপান্তর করায় তিনি সরকারের কঠোর সমালোচনা করেন।

বিলটির বিরোধিতা করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূল পর্যায়ে রাজনীতিকে প্রভাবমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৭২টি অধ্যাদেশ সংসদে বিল আকারে পাস হলো। এই নতুন আইনের ফলে সামনের পৌরসভা নির্বাচনগুলোতে আর নৌকা বা ধানের শীষের মতো দলীয় প্রতীক দেখা যাবে না।