শুক্রবার । এপ্রিল ১০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

এই যুদ্ধে ‘ইরানের জনগণই বিজয়ী’: মোজতবা খামেনি


Mojtoba-Khameni

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, চলমান যুদ্ধে ‘ইরানের জনগণই বিজয়ী পক্ষ’ এবং রাষ্ট্র হিসেবে ইরানকেই তিনি ‘বিজয়ী জাতি’ হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় গণমাধ্যমে তার নামে প্রকাশিত লিখিত বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের জন্য সরকার ক্ষতিপূরণ আদায় করবে এবং আহতদের জন্যও দাবি উত্থাপন করবে। একইসঙ্গে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে নতুন পর্যায়ে নেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দেওয়া হলেও, তা কীভাবে বাস্তবায়িত হবে—তা স্পষ্ট করা হয়নি।

খামেনি ইরানপন্থিদের রাস্তায় নেমে অবস্থান জানানোর আহ্বান জানিয়ে বলেন, উন্মুক্ত চত্বরে জনগণের কণ্ঠ আলোচনার গতিপথকে প্রভাবিত করে। তিনি আরও বলেন, ইরান কখনোই যুদ্ধ চায়নি, এখনো চায় না; তবে বৈধ অধিকারের প্রশ্নে পিছু হটার সুযোগ নেই।

বিবৃতিতে আঞ্চলিক মিত্র ও সহযোগী গোষ্ঠীগুলোকেও ইরানের এই অবস্থানের অংশ বলে ইঙ্গিত দেওয়া হয়। যুদ্ধ শুরুর পর ও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনির এটি প্রথম আনুষ্ঠানিক মন্তব্য।

সূত্র: বিবিসি বাংলা