
বৈভব সূর্যবংশী
আইপিএলের মঞ্চে আবারও নিজের অসামান্য প্রতিভার ঝলক দেখালেন তরুণ ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সী এই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পাত্তাই দেয়নি রাজস্থান রয়্যালস। ২০২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানকে এক সহজ জয় উপহার দিয়েছেন এই কিশোর।
শনিবারের ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সূর্যবংশী। ইনিংসের শুরুতেই অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমারকে বাউন্ডারি হাঁকিয়ে নিজের আত্মবিশ্বাসের জানান দেন তিনি।
এরপর সময়ের সঙ্গে সঙ্গে আরও ভয়ংকর হয়ে ওঠেন এই তরুণ। বিশেষ করে অজি পেসার জশ হ্যাজলউডের এক ওভারে তিন চার ও এক ছক্কায় ১৯ রান তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়ে নেন তিনি। তাঁর এই আগ্রাসী ব্যাটিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে বেঙ্গালুরুর শক্তিশালী বোলিং লাইনআপ।

মাত্র ১৫ বলে অর্ধশতক পূর্ণ করে আইপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ডে লোকেশ রাহুল ও ইউসুফ পাঠানের পাশে নিজের নাম লেখান সূর্যবংশী। আউট হওয়ার আগে মাত্র ২৬ বলে ৭৮ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ৮টি চার ও ৭টি দর্শনীয় ছক্কায়।
শেষ পর্যন্ত ক্রুনাল পান্ডিয়ার বলে সাজঘরে ফিরলেও ততক্ষণে রাজস্থান জয়ের বন্দরে পৌঁছে যায়। সূর্যবংশীর এই অতিমানবীয় ইনিংসের ওপর ভর করে বড় লক্ষ্য সহজেই টপকে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস।











































