
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের সীমান্তবর্তী ইয়োবো অঞ্চলের একটি বাজারে বিমান বাহিনী হামলা চালিয়েছে। জিল্লি নামক ওই গ্রাম্য বাজারে গত শনিবার রাতের এই হামলায় অন্তত ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিদের বরাতে জানা গেছে, শনিবার রাতে যখন জিল্লি বাজারে কেনাবেচা চলছিল, ঠিক তখনই বিমান বাহিনীর যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হয়। হামলায় মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
গেইদাম বিভাগের ফুচিমেরাম প্রধান ও স্থানীয় কাউন্সিলর লাওয়ান জান্না নুর এই ঘটনাকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “জিল্লি বাজারে বিমান হামলায় ২০০ জনের বেশি মানুষ তাদের প্রাণ হারিয়েছেন। আহতদের উদ্ধার করে ইয়োবো এবং বোর্নোর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।”

নাইজেরিয়ার বিমান বাহিনী এই হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। তাদের দাবি, ওই এলাকায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ‘বোকো হারাম’-এর যোদ্ধাদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। তবে একটি জনাকীর্ণ বাজারে কেন এবং কীভাবে এই হামলা হলো, সে বিষয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
নাইজেরিয়ার বোর্নো এবং ইয়োবো সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই মিলিশিয়া ও জঙ্গিগোষ্ঠীদের উপস্থিতির কারণে অশান্ত। সেখানে সরকারি বাহিনীর সঙ্গে বোকো হারামের প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। গত কয়েক বছরে এই সংঘর্ষে ওই অঞ্চলে হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা এবং একটি এনজিও সূত্র জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে। হামলার পর থেকে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ও শোকের ছায়া বিরাজ করছে।










































