
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে জামফারার বুককুয়ুম এলাকার একটি গ্রামে এই নারকীয় হত্যাকাণ্ড চালায় সন্ত্রাসীরা। হামলার পর বেশ কয়েকজন নারী ও শিশুকে অপহরণ করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ১৫০টিরও বেশি মোটরসাইকেলে করে সশস্ত্র সন্ত্রাসীরা গ্রামটিতে প্রবেশ করে। তারা শুক্রবার সকাল পর্যন্ত তান্ডব চালায়। হামলাকারীরা নির্বিচারে গুলি করার পাশাপাশি বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ করে এবং বাসিন্দাদের ধরে নিয়ে যায়।
গ্রামের এক বাসিন্দা, ৪১ বছর বয়সী আবদুল্লাহি সানি অভিযোগ করেন, হামলার একদিন আগেই তারা বিপুল সংখ্যক মোটরসাইকেল আরোহী বন্দুকধারীকে এলাকায় দেখতে পেয়েছিলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে এই বিশাল প্রাণহানির ঘটনা ঘটে।
বুককুয়ুম দক্ষিণের প্রতিনিধি ও আইনপ্রণেতা হামিসু এ ফারু জানান, ঠিক কতজন নারী ও শিশুকে অপহরণ করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। স্থানীয় কর্মকর্তারা নিখোঁজদের তালিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এলাকাটিতে চরম আতঙ্ক বিরাজ করছে।
পূর্ববর্তী হামলার প্রেক্ষাপট
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহ থেকেই হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে নাইজার রাজ্যের বোরগু এলাকায় অভিযানে অন্তত ৪৬ জন নিহত হয়েছিলেন। যার মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি ছিল কনকোসো গ্রামে, যেখানে ৩৮ জনকে গুলি করে হত্যা করা হয়।
জামফারা ও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে সশস্ত্র ডাকাত দল বা বন্দুকধারীদের এমন তান্ডব দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির প্রশাসন।



































