সোমবার । এপ্রিল ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ এপ্রিল ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ন
শেয়ার

সকাল ৯টার মধ্যে ৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস


Rain

ফাইল ছবি

দেশজুড়ে চলমান তীব্র গরমের মাঝেই বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার মধ্যেই দেশের তিনটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, সকালের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে এই তিন অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও তাপমাত্রা এখনো ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ অস্থায়ী দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের মতে, বৃষ্টির এই প্রবণতা আগামী মঙ্গলবার ও বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।