
ফাইল ছবি
দেশের বাজারে জ্বালানি তেল বিক্রির সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ সোমবার (২০ এপ্রিল) থেকে সারাদেশে বর্ধিত হারে অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহ করা হবে।
রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় বিপিসি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিপিসির নির্দেশনা অনুযায়ী, আজ থেকে অকটেনের সরবরাহ ২০ শতাংশ এবং পেট্রোল ও ডিজেলের সরবরাহ ১০ শতাংশ হারে বাড়ানো হচ্ছে। নতুন এই লক্ষ্যমাত্রা অনুযায়ী দৈনিক ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল ও ১ হাজার ৪২২ মেট্রিক টন অকটেন বাজারে ছাড়া হবে। বর্তমান চাহিদা বিবেচনা করে ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের প্রবাহ সমুন্নত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় দেশেও দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রায় কেনা এই তেলের দাম সমন্বয় করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না।






































