
ফাইল ছবি
চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২ দশমিক ১২৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলের ১৯ দিনে দৈনিক গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে শুধু ১৯ এপ্রিল এক দিনেই দেশে এসেছে ১৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।
গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২৩ দশমিক ৮ শতাংশ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু (জুলাই) থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৮৩৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় ২০ দশমিক ৬০ শতাংশ।
দেশের ইতিহাসে এর আগে গত মার্চ মাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল একক কোনো মাসে দেশে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। ধারাবাহিকতা বজায় রেখে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও যথাক্রমে ৩১৭ কোটি ও ৩০২ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি এবং নভেম্বরে ২৮৮ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল।
ব্যাংকিং সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ এবং ডলারের দামের স্থিতিশীলতা প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করছে। মাসের বাকি দিনগুলোতেও এই ধারা বজায় থাকলে এপ্রিল শেষে রেমিট্যান্সের পরিমাণ আরও একটি রেকর্ড স্পর্শ করতে পারে বলে আশা করা হচ্ছে।








































