
আমাল খলিল। সংগৃহীত ছবি
লেবাননের সাংবাদিক আমাল খলিল ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তাঁর নিয়োগকর্তা প্রতিষ্ঠান। বুধবার ভোরে দক্ষিণ লেবাননে হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
রয়টার্সের বরাতে লেবাননের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে খলিলের মরদেহ খুঁজে পান। এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার সময় সাংবাদিক আমাল খলিল ও জয়নাব ফারাজ একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, পরে সেই বাড়িতেও হামলা চালানো হয়।
তবে সাংবাদিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে, লেবাননের কয়েকজন কর্মকর্তা ও সাংবাদিক দাবি করেছেন, আল-আখবার পত্রিকার প্রতিনিধি খলিলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছে।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়, সংবাদ সংগ্রহের সময় তাঁদের বহনকারী একটি যানবাহনে প্রথমে বিমান হামলা হয়। পরে খলিল পাশের একটি বাড়িতে আশ্রয় নেন এবং নিজের অবস্থান জানাতে সক্ষম হন। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালে আবারও গুলিবর্ষণের মুখে পড়েন।
আল-আখবার জানায়, প্রথম হামলার প্রায় দুই ঘণ্টা পর খলিলের আশ্রয় নেওয়া বাড়িটিতে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এরপর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক ঘণ্টা পর উদ্ধারকারীরা তাঁর মরদেহ উদ্ধার করেন।
চলতি বছরে ইসরায়েলি হামলায় নিহত হওয়া চতুর্থ লেবানিজ সাংবাদিক হলেন আমাল খলিল। এর আগে গত মাসেও পৃথক হামলায় তিন সাংবাদিক নিহত হন।
সূত্র: আল জাজিরা








































