
প্রতি ৮০ সেকেন্ডে একজন নতুন রোগী শনাক্ত হচ্ছেন ক্যান্সারে
যুক্তরাজ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। ‘ক্যান্সার রিসার্চ ইউকে’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে প্রতি বছর ৪ লাখ ৩ হাজারেরও বেশি মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। পরিসংখ্যান বলছে, গড়ে প্রতি ৮০ সেকেন্ডে একজন নতুন রোগী শনাক্ত হচ্ছে।
জনসংখ্যা বৃদ্ধি, গড় আয়ু বেড়ে যাওয়া এবং স্থূলতাকে এই আশঙ্কাজনক বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। ১৯৯০ সালের তুলনায় বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার প্রায় ১৫ শতাংশ বেড়েছে।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, অর্ধেকেরও বেশি রোগীর ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ছে না। ওয়েটিং লিস্টের দীর্ঘসূত্রতার কারণে ২০২৫ সাল নাগাদ প্রায় ১ লাখ ৭ হাজার রোগীকে চিকিৎসা শুরু করতে দুই মাসের বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।

পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকার নতুন ‘জাতীয় ক্যান্সার পরিকল্পনা’ গ্রহণ করেছে। এই পরিকল্পনার লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে অন্তত ৭৫ শতাংশ রোগীকে ক্যান্সারমুক্ত বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।
এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় ২০০৮ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য ধূমপান নিষিদ্ধ করে নতুন আইন কার্যকর করার প্রক্রিয়াও চলছে।











































