
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহদী আমিন || ফাইল ছবি
শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীর ভ্যাক্সিনেশন নিয়ে বড় পরিসরে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহদী আমিন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনে ডিএনএর নকশার উন্মোচন থেকে বাংলাদেশের বায়োইকোনোমির ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ভ্যাক্সিনেশনে নিজেদের স্বনির্ভরতা ও সাশ্রয়ী হওয়া নিয়ে ভাবছে সরকার।

তিনি আরও বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বর্তমান সরকার।’
নতুন প্রজন্মকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষা কারিকুলামে যুগোপযোগী পরিবর্তন নিয়ে সরকার কাজ করবে জানিয়ে মাহদী আমিন বলেন, তরুণদের গবেষণায় সুযোগ করে দিতে হবে। পাশাপাশি তাদের মতামতকে প্রাধান্য দিয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সমাজের নানাবিধ সমস্যা গবেষণার জন্য আলাদা সেল তৈরি করতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থান বাড়াতে হবে।
তিনি বলেন, স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে দক্ষ জনশক্তির তেমন কোন সংযোগ নেই। যার ফলে দক্ষ জনশক্তির কর্মসংস্থানে সমস্যা হচ্ছে।
এসময়, দেশের শিক্ষার্থীদের মেধা আছে সেটাকে সরকারিভাবে সহযোগিতার মাধ্যমে কাজে লাগানোর তাগিদ দেন এ উপদেষ্টা।







































