
হোয়াইট হাউসের ব্রিফিং রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হিল্টন হোটেলে হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য নৈশভোজের আয়োজনে গুলির ঘটনায় ইতোমধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নৈশভোজের সময় গুলির ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন বন্দুকধারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। তিনি হামলা করার উদ্দেশ্যেই সেখানে এসেছিলেন।
হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের এমন তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘সিক্রেট সার্ভিসের কিছু সাহসী সদস্য সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারকরেছে।’

ট্রাম্প বলেন, ‘এটি ছিল বাক্স্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা।’
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মন্ত্রিসভার সদস্য এবং এফবিআই চিফ ক্যাশ প্যাটেলসহ বিভিন্ন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা।
জাঁকজমকপূর্ণ এ আয়োজনে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। সরিয়ে নেওয়া হয় অতিথিদেরও।
এ ঘটনার কিছু পর নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাম্প লিখেন, ‘আমি তাদের বলেছি, আমরা অনুষ্ঠানটি চালিয়ে যাই। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার পূর্ণাঙ্গ নির্দেশনা মেনে চলতে হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘সেই সিদ্ধান্ত যেটাই হোক না কেন, সন্ধ্যাটি পরিকল্পনার চেয়ে বেশ আলাদা হবে এবং আমাদের এটি আবার নতুন করে করতে হবে।’
পরে হোয়াইট হাউসে ব্রিফিংয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। আর সন্দেহভাজন এই হামলাকারী একজন ‘সম্ভাব্য হত্যাকারী’। মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু ‘অত্যন্ত সাহসী’ সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালান। পরে সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য তাকে নিষ্ক্রিয় করেন।
ট্রাম্প বলেন, এ ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। কারণ, তিনি খুব ভালো বুলেটপ্রুফ ভেস্ট পরেছিলেন।
ট্রাম্প বলেন, গত কয়েক বছরে এটিই প্রথম ঘটনা নয়, যেখানে কোনো রিপাবলিকানকে একজন ‘সম্ভাব্য হত্যাকারী’ দ্বারা হামলার শিকার হতে হয়েছে।
গুলিবর্ষণের ঘটনাটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এমনটা মনে হয় না।’








































