
ছবি: সংগৃহীত
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে মাহমুদুর রহমানের বাসভবনে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে জামায়াত আমির মাহমুদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। এ সময় আমার দেশ সম্পাদক তাকে ধন্যবাদ জানান এবং এই সৌজন্য সাক্ষাতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জামায়াত আমিরের ব্যক্তিগত সচিব নজরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারের ইনসাফ-বারাকাহ হাসপাতালে মাহমুদুর রহমানের পিত্তথলির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র (রিলিজ) নিয়ে বাসায় ফেরেন।
এর আগে মাহমুদুর রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ‘আমার দেশ’ কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পত্রিকাটির সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।








































