সোমবার । মে ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৪ মে ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীকে ‘পুকি’ ইমেজে নয়, রাজনৈতিকভাবে সক্রিয় দেখতে চায় এনসিপি


Asif-mahmud

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীকে ‘পুকি’ নয়, বরং রাজনৈতিকভাবে আরও সক্রিয় ও দৃঢ় দেখতে চায় বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত এক জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখপাত্র বলেন, বর্তমান প্রজন্ম রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন। তাই তারা প্রধানমন্ত্রীকে সামাজিক মাধ্যমে প্রচলিত ‘পুকি’ ইমেজে নয়, বরং একজন পলিটিক্যালি ভাইব্রেন্ট নেতা হিসেবে দেখতে চায়, যিনি দেশের রাজনৈতিক দিকনির্দেশনা দেবেন।

তিনি আরও অভিযোগ করেন, মূলধারার গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমে যাচ্ছে। এর ফলে মানুষ বিকল্প বা নতুন গণমাধ্যমের দিকে ঝুঁকছে, যা বিশেষ করে আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গণমাধ্যমের নিয়ন্ত্রণ ও মালিকানা পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন সময়ে সংবাদমাধ্যম শুধু হাতবদল হয়েছে, তবে কাঠামোগত সংস্কার হয়নি। এ কারণে সরকারগুলোও গণমাধ্যম নিয়ে চাপে থাকে।

এছাড়া, গ্রেপ্তার সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যথাযথ আইনি কাঠামোর অভাবে অনেক ক্ষেত্রে দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। একইসঙ্গে মানবাধিকার রক্ষায় কার্যকর আইনি কাঠামোর ঘাটতির কথাও তুলে ধরেন তিনি।