মঙ্গলবার । মে ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ৫ মে ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
শেয়ার

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা


Jobaida Rahman

ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবাকে প্রতিটি মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেছেন, এটি কোনো বিশেষ সুবিধা নয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময় সভায় ডা. জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হওয়ায় সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে রয়েছে। এর ফলে সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি অত্যন্ত উদ্বেগের সাথে উল্লেখ করেন যে, দেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ মানুষকে নিজস্ব পকেট থেকে মেটাতে হয়, যা অসুস্থতাকে দারিদ্র্যের অন্যতম প্রধান কারণে পরিণত করেছে।

ঢাকা-১৭ নির্বাচনী এলাকার নিম্নআয়ের মানুষের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, কড়াইল, ভাষানটেক ও সাততলার শ্রমজীবী মানুষ এই শহরকে সচল রাখলেও তারাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এসব এলাকার প্রায় ৪২.৬ শতাংশ মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য অনিরাপদভাবে স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করে।

ডা. জুবাইদা বলেন, “আমরা চাই এই এলাকার কেউ আর চিকিৎসা থেকে বঞ্চিত না থাকুক। এখানকার স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে”।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সেবার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি স্থানীয় স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনেক মানুষ এখনো জানেন না যে তাদের কাছেই বিনামূল্যে সেবা পাওয়ার মতো এমন একটি হাসপাতাল রয়েছে।

এদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে ৫০ শয্যার আইসিইউ ইউনিটের পাশাপাশি প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান। উদ্বোধনের পর তিনি আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।