মঙ্গলবার । মে ৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৫ মে ২০২৬, ৬:১০ অপরাহ্ন
শেয়ার

পদত্যাগ করব না, পরাজয় ষড়যন্ত্রের ফল: মমতা বন্দ্যোপাধ্যায়


Mamata TMC

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারলেও পদত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই পরাজয় মানুষের রায় নয়, বরং একটি ‘ষড়যন্ত্রের ফল’।

মমতার অভিযোগ, নির্বাচন ঠিকমতো হয়নি। তিনি বলেন, বিজেপি পেশী শক্তি ব্যবহার করেছে এবং কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে জোর করে ভোট দখল করেছে। তার কথায়, ‘আমার পদত্যাগের প্রশ্নই ওঠে না। আমরা মানুষের ভোটে হারিনি, আমাদের হারানো হয়েছে।’

তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস এই লড়াই চালিয়ে যাবে এবং ভবিষ্যতে আরও শক্তভাবে ঘুরে দাঁড়াবে। ‘আমরা বাঘের মতো লড়েছি, আবার ফিরব’।

মমতা জানান, তাদের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়, নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার বিরুদ্ধেও। তিনি বলেন, কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে এখনই বিস্তারিত জানাতে চান না।

তিনি আরও দাবি করেন, ভয় দেখিয়ে তার দলের কিছু কর্মীকে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। বিজেপিকে সতর্ক করে মমতা বলেন, ক্ষমতা চিরদিন থাকে না। রাজীব গান্ধী, অটল বিহারি বাজপেয়ী এবং মনমোহন সিং-এর সময় তিনি রাজনীতি দেখেছেন, কিন্তু এমন পরিস্থিতি আগে দেখেননি বলে দাবি করেন।

এ সময় তিনি ইন্ডিয়া জোটের নেতাদের ধন্যবাদ জানান। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, হেমন্ত সোরেন ও তেজস্বী যাদবসহ অনেকেই তাকে ফোন করে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে তাদের সঙ্গে মিলেই কাজ করবেন।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল