
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মাঠ পর্যায়ে থাকা সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার আইন-শৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের প্রত্যাহার কার্যক্রম শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলাগুলো থেকে সেনাদের ফিরিয়ে আনা হবে। পরে ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও তাদের সরানো হবে। পুরো প্রক্রিয়া শেষ হবে জুন মাসের মধ্যেই।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারির পর তৎকালীন আওয়ামী লীগ সরকার মাঠে সেনা মোতায়েন করে। পরবর্তীতে ৫ আগস্ট সরকার পতনের পর পুলিশ বাহিনীর কার্যক্রম ভেঙে পড়ায় সেনাবাহিনী দীর্ঘ সময় মাঠে অবস্থান করে। একই বছরের ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও প্রদান করেছিল।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান, নির্বাচন পরবর্তী সময়ে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই। বর্তমানে তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে এবং নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, আগে সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ নিতে পারলেও এখন তারা সরাসরি এসব কার্যক্রমে অংশ নিচ্ছে না।







































