
সংগৃহীত ছবি
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।
বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস এখন শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর স্ত্রী আফরোজা আব্বাসের বরাতে তিনি বলেন, মির্জা আব্বাস বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঈদুল আজহার আগেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
এদিকে মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।”
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয়।









































