
সংগৃহীত ছবি
২৩ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ক্রুড অয়েলের তীব্র সংকট কাটিয়ে শুক্রবার ভোর ৬টা থেকে পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। সৌদি আরব থেকে আমদানি করা অপরিশোধিত তেল দিয়েই নতুন করে শোধন প্রক্রিয়া চালু করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৫টা থেকে ফায়ার্ড হিটারে প্রসেসিং শুরু হয় এবং এক ঘণ্টা পর থেকেই পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন করে নির্ধারিত স্টোরেজ ট্যাঙ্কে পাঠানো শুরু হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় কাঁচামালের সংকটে গত ১৪ এপ্রিল উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে সৌদির ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসা চীনা জাহাজ ‘এমটি নাইমনিয়া’ বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান চালানে প্রায় ২৫ দিন শোধনাগার সচল রাখা সম্ভব হবে। এই তেল থেকে প্রায় ২৬ হাজার মেট্রিক টন ডিজেল, ২৪ হাজার টন ফার্নেস অয়েল, ১৬ হাজার টন পেট্রোল, ২১ হাজার টন কেরোসিন এবং ৮ হাজার টন অকটেন উৎপাদন করা যাবে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তেলের চালান নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।









































