
শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বলে বিজেপির একটি সূত্র জানিয়েছে। একই সঙ্গে তিনি বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতার দায়িত্বও পালন করবেন। শুক্রবার কলকাতায় বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দলীয় সূত্র বলছে, খুব শিগগিরই শুভেন্দু রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন। শনিবার পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন।
নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন ধরে রাখার পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে আলোচনায় আসেন। বিজেপির ভেতরে তাকে মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছিল কয়েকদিন ধরেই।
একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী থাকা শুভেন্দু ২০২০ সালে বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই তিনি পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম প্রধান সংগঠক ও প্রচারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দলীয় নেতারা মনে করছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার ধারাবাহিক রাজনৈতিক লড়াই ও নির্বাচনী সাফল্যই তাকে মুখ্যমন্ত্রী পদে এগিয়ে দিয়েছে।
এদিকে নতুন সরকারকে ঘিরে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী, স্পিকার ও মন্ত্রীদের কক্ষ সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে বলে জানা গেছে।








































