
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে এক নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন। লন্ডনের প্রভাবশালী এলাকা ‘নিউহ্যাম কাউন্সিল’-এর মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি বড় জয় পেয়েছেন।
শুক্রবার (৮ মে) বিকেলে ঘোষিত ফলাফল অনুযায়ী, ফরহাদ হোসেন ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মির্জা পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট। ৫ হাজারেরও বেশি ভোটের এই ব্যবধান ফরহাদ হোসেনের জনপ্রিয়তারই প্রমাণ দিচ্ছে।
দীর্ঘদিন ধরে লন্ডনের স্থানীয় মানুষের সেবা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকা ফরহাদ হোসেনের এই বিজয়কে বড় অর্জন হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। জয়ের পর ফরহাদ হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি সব ধর্মের ও সব বর্ণের মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকে মনে করছেন, এই বিজয় যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ আরও বাড়াবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অগ্রগতির স্বীকৃতি।











































