
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের পূর্বলন্ডনের কর্মাশিয়াল রোডে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ফুড ডেলিভারির কাজ করতেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রয়েল লন্ডন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা এবং ব্যবসায়ি ফয়জুল করিমের ছেলে।
যুক্তরাজ্য প্রবাসী একই এলাকার হাফিজ সোহেল আহমেদ চিকিৎসকদের বরাতে নিহতের তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বছর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসেন শাকিল। আর্থিক সংকটে পড়ার কারণে পড়াশোনা চালানো সম্ভব হয়নি। পরে জীবিকার তাগিদে ফুড ডেলিভারির কাজে নিয়োজিত হন।
ঘটনার দিন, ১৪ জানুয়ারি লন্ডনের কর্মাশিয়াল রোডে দাঁড়ানো একটি প্রাইভেটকারের দরজা হঠাৎ খুলে গেলে সাইকেল চালাচ্ছিলেন শাকিল ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়েন। এরপর পেছন থেকে আসা একটি লরি তার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
খবর পেয়ে লন্ডন পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে শাকিলের মৃত্যু হয়।
হাফিজ সোহেল আহমেদ জানিয়েছেন, শাকিলের মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সবাইকে নিহতের জন্য দোয়া করতে এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।








































