শনিবার । মে ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ মে ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন
শেয়ার

আজ লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি


president Shahabuddin

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চিকিৎসাজনিত ফলোআপের জন্য আজ শনিবার লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দুই বছরের বেশি সময় পর এটি তার প্রথম বিদেশ সফর। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাত জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপ ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি যুক্তরাজ্যে যাচ্ছেন। কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হবে।

আগামী ১৭ মে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। তিনি ১৮ মে সকালে ঢাকায় পৌঁছাবেন। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় দুবার তার বিদেশযাত্রা আটকে দেওয়া হয়েছিল বলে তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন।