
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার টালবাহানা করে জুলাই সনদ বাস্তবায়ন এড়িয়ে যেতে চাইছে। তিনি বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী দ্রুত সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে, এ নিয়ে কোনো ধরনের ছলচাতুরী জনগণ মেনে নেবে না।
শনিবার (৯ মে) রাজধানীর গুলশানে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে গণভোট ও সংস্কারের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় এসে সরকার ও বিএনপি এখন সেই অবস্থান থেকে সরে গেছে। তাঁর দাবি, সরকার সাধারণ সংশোধন প্রক্রিয়ায় সংস্কার করতে চাইলেও এনসিপি সংবিধানে মৌলিক পরিবর্তনের জন্য আলাদা সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে।
তিনি আরও বলেন, উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, দুদক ও নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ এবং বিচার বিভাগের স্বাধীনতা—এসব মৌলিক সংস্কার জরুরি।
কূটনীতিকদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, এনসিপি শান্তিপূর্ণ সমাধান চায়। তবে সরকার ইতিবাচক সাড়া না দিলে সংসদের ভেতরে-বাইরে আন্দোলন আরও কঠোর করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন বিদেশি সংস্থা ও দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সংলাপে অংশ নেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মো. আবদুল আলীম, নাগরিক কোয়ালিশনের সহ-সমন্বয়ক ফাহিম মাসরুরসহ এনসিপির একাধিক নেতা।












































