রবিবার । মে ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শেয়ার

নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী


salahuddin-ahmed

ফাইল ছবি

‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে দেওয়া বাণীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

শনিবার (৯ মে) দেওয়া এ বাণীতে তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও মানবিকতা নিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। ভুক্তভোগীরা যাতে দ্রুত ও যথাযথ আইনি সহায়তা পান, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের দায়িত্ব শুধু অপরাধ দমন নয়, বরং মানুষের কাছে সেবা ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠা। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে জবাবদিহি ও সংবেদনশীল আচরণ নিশ্চিত করতে হবে।

এদিকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) তাঁর বাণীতে বলেন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে পুলিশকে আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

তিনি জানান, এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ।” জনগণের পুলিশ হিসেবে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।