সোমবার । মে ১১, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১০ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


sumon

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি সুমন

দক্ষিণ আফ্রিকায় সুমন (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে দেশটির নিউক্যাসল শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। শনিবার বিকেলে ব্যবসায়িক কাজ শেষে মালামাল নিয়ে প্রতিষ্ঠানে ফেরার পথে একদল সন্ত্রাসী রাস্তায় ব্যারিকেড দিয়ে তার গাড়িতে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিতে তার মাথাসহ শরীরের একাধিক স্থানে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

হত্যার পর মালামাল নিয়ে পালিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। খবর পেয়ে দক্ষিণ আফ্রিকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে বা কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তাঁর গ্রামের বাড়ি অভিরামপুরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিন বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন তিনি। তাঁর দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারে এখন চলছে বুকফাটা আহাজারি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। সুমনের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর পরিবারকে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করা হবে।