শুক্রবার । এপ্রিল ১০, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১০ এপ্রিল ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত


shohan

নিহত সোহান

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে সোহান (২২) নামের এক বাংলাদেশি প্রবাসী তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোহান ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি সেখানে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন মাগরিবের সময় ওই এলাকায় বিদ্যুৎ চলে গেলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যান। ঠিক সেই মুহূর্তে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত দোকানে ঢুকে অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।

সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা। সোহানের বাবা দুলাল হোসেন ও মা সাহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলের ভবিষ্যতের জন্য অনেক কষ্ট করে ধারদেনা করে তাকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন তাকে আর জীবিত পাবো না। অন্তত তার মরদেহ যেন দেশে এনে নিজের হাতে দাফন করতে পারি—সরকারের কাছে এটাই আমাদের শেষ চাওয়া।”

নিহতের মামা মহরম আলী মিঠু বলেন, “আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন দ্রুত সোহানের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। অন্তত শেষবারের মতো বাবা-মা যেন তাদের সন্তানকে দেখতে পারে।”

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ সদস্যদের নিহতের বাড়িতে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য উচ্চপর্যায়ে আবেদন জানানো হয়েছে।’

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বলেন, “বিদেশ থেকে মরদেহ ফেরাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”

স্থানীয়রা জানান, অত্যন্ত অসহায় এই পরিবারের একমাত্র আশা-ভরসা ছিল সোহান। তার এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।