
ফাইল ছবি
ফেনী সদর উপজেলায় নিজের নির্মাণাধীন ভবন থেকে এক প্রবাসীর স্ত্রীর বালিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ বালিচাপা দিয়ে রাখা হয়েছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চোছনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রীনা আক্তার (২৮) ওই গ্রামের প্রবাসী মানিক উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, বিকেলে রীনা আক্তার তাদের নির্মাণাধীন ভবনটি তদারকি করতে যান। দীর্ঘ সময় পরও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে নিহতের ছোট ছেলে ওই ভবনে গেলে সাইফুল ইসলাম নামের এক নির্মাণশ্রমিককে সেখান থেকে তড়িঘড়ি করে পালিয়ে যেতে দেখে। পরে বালিচাপা অবস্থায় রীনার দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন।
খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও সদর সার্কেলের এএসপি নুসরাত তাবাসসুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।









































