
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও চীন সফরে যাচ্ছেন। তবে মজার বিষয় হচ্ছে তিনি নিজের আসল নামে চীনে ঢুকবেন না, ঢুকবেন ভিন্ন নামে।
চীনের নিষেধাজ্ঞার আওতায় থাকায় তার চীনা নামের বানান পরিবর্তন করেছেন চীনা কর্তৃপক্ষ। কূটনীতিকদের মতে, আগের বানানের সঙ্গে রুবিওর ওপর থাকা নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্ত ছিল। তাই নতুন বানান ব্যবহার করে কার্যত সেই জটিলতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে চীন।
মার্কো রুবিও যখন যুক্তরাষ্ট্রের সিনেটর ছিলেন, তখন তিনি চীনের মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। এর জবাবে চীন তার বিরুদ্ধে দুই দফা নিষেধাজ্ঞা দেয়। সাধারণত যুক্তরাষ্ট্র যেভাবে প্রতিপক্ষের ওপর নিষেধাজ্ঞা দেয়, চীনও একই কৌশল নেয়।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ মে জানায়, রুবিওকে তারা চীনে প্রবেশে বাধা দেবে না। প্রায় এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্প রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকেই চীন পরিস্থিতি সামাল দেওয়ার পথ খুঁজতে শুরু করে।
২০২৫ সালের জানুয়ারিতে তিনি দায়িত্ব নেওয়ার কিছুদিন আগে চীনা সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যম রুবিওর নামের চীনা অনুবাদে “লু” উচ্চারণের জন্য ভিন্ন একটি চীনা অক্ষর ব্যবহার শুরু করে।
বিশ্লেষকদের মতে, এটি কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য চীনের একটি অভিনব ও কৌশলী পদক্ষেপ।







































