বুধবার । মে ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ১৩ মে ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
শেয়ার

সরকারকে ৩ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন দিল চীন


vaccine from China

পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন

বাংলাদেশের টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সরকারকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন (Sinovac Foundation)। বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিন হস্তান্তর করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পোলিও ভ্যাকসিনের ডোজ গ্রহণ করেন। সরকারের টিকাদান কর্মসূচিতে সহায়তার লক্ষ্যে সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ লাখ ৮০ হাজার ডোজ ‘WHO Pre-Qualified’ পোলিও ভ্যাকসিন (Sabin Strain) প্রদান করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, হস্তান্তরিত এই ভ্যাকসিনের নাম ‘Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin strains)। সর্বমোট ৭৬ হাজার ভায়ালে ৩ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে। এই উদ্যোগ দেশের পোলিও নির্মূল কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এই অনুদান বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের প্রতিফলন।