শুক্রবার । মে ১৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৪ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শেয়ার

ফিলিস্তিনি পতাকা ওড়ানো নিয়ে ইয়ামালকে কটাক্ষ ইসরায়েলি মন্ত্রীর


Yamal

বার্সেলোনার শিরোপা জয়ের শোভাযাত্রায় একটি খোলা বাসের ওপর দাঁড়িয়ে বড় ফিলিস্তিনি পতাকা নাড়ান ইয়ামাল

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। স্প্যানিশ লিগ শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনি পতাকা ওড়ানোর ঘটনায় তিনি ইয়ামালের বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ তোলেন তিনি।

১৮ বছর বয়সী ইয়ামাল সোমবার বার্সেলোনার শিরোপা জয়ের শোভাযাত্রায় একটি খোলা বাসের ওপর দাঁড়িয়ে বড় ফিলিস্তিনি পতাকা নাড়ান। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লিগ শিরোপা জয়ের আনন্দ উদযাপনে প্রায় সাড়ে সাত লাখ মানুষ রাস্তায় নেমেছিল।

মুসলিম ধর্মাবলম্বী ইয়ামাল পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিলিস্তিনি পতাকা হাতে থাকা কয়েকটি ছবিও পোস্ট করেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েল কাটজ বলেন, ‘লামিন ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পথ বেছে নিয়েছেন।’

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে স্পেন সরকার এবং দেশটির বড় একটি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই সমালোচনামুখর। ২০২৩ সালে হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে গাজায় ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

গাজা যুদ্ধের মানবিক বিপর্যয় ঘিরে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও। ফুটবল, সাইক্লিং ও বাস্কেটবলসহ বিভিন্ন খেলায় প্রতিবাদ দেখা গেছে।