
মোসলেহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ।
আজ রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন বলা হয়েছে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১৬ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান মোসলেহ উদ্দিন আহমদ। গত ২৫ মার্চ এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি।
মোসলেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে এই ব্যাচের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা হিসেবে তিনি অতিরিক্ত আইজিপি পদে কর্মরত আছেন। সিআইডি প্রধান হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালনের আগে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেছেন তিনি। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন মোসলেহ উদ্দিন আহমদ।







































