
ফাইল ছবি
বিশ্বের অন্যতম শীর্ষ মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, তিউনিসিয়া ও তুরস্কে পবিত্র যিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই পাঁচ দেশের মধ্যে চারটিতে আগামী ২৭ মে এবং একটি দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
রোববার (১৭ মে) দেশগুলোর সংশ্লিষ্ট জাতীয় চাঁদ দেখা কমিটি ও ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ দুটিতে ১৮ মে সোমবার থেকে পবিত্র যিলহজ মাস শুরু হচ্ছে। সেই হিসেবে আগামী ২৭ মে দেশ দুটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দুই মুসলিম দেশ তিউনিসিয়া ও তুরস্কও একই তারিখ নিশ্চিত করেছে। দেশ দুটি জানিয়েছে, আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাই জানিয়েছে, আজ রবিবার তাদের আকাশে যিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৮ মে সোমবার যিলকদ মাসের শেষ দিন (৩০ দিন) হিসেবে গণ্য হবে এবং আগামী ১৯ মে মঙ্গলবার থেকে দেশটিতে যিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী ব্রুনাইয়ে আগামী ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে।
বিশ্বের এই গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে ঈদের তারিখ ঘোষণার পর এখন উপসাগরীয় অঞ্চলের (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশ) আরও কয়েকটি মুসলিম দেশেও শিগগিরই যিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।










































