
ব্যারিস্টার কায়সার কামাল। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবে পরিচিত ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ তুলেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, গরিব মানুষকে বঞ্চিত করে কিছু আমলা অন্যায় করেছেন।
রোববার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত ‘চাষাভূষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতার পর থেকে হাওর অঞ্চল নিয়ে কোনো টেকসই ও বৈজ্ঞানিক পরিকল্পনা নেওয়া হয়নি। মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা ও লিজ ব্যবস্থার মাধ্যমে হাওর ধ্বংসের নৈরাজ্য চলছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, হাওরের ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির তুলনায় তিন গুণ বেশি তথ্য দেখানো হয়েছে এবং সেখানে ভুয়া নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
হাওর অঞ্চলের প্রকৃত সমস্যা ও ক্ষয়ক্ষতির কারণ অনুসন্ধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানান কায়সার কামাল।
সেমিনারে উপস্থিত বক্তারাও হাওরাঞ্চলের কৃষক ও চাষিদের দুর্দশা এবং উন্নয়ন সংকট নিয়ে আলোচনা করেন।








































