
মো. আব্দুল মান্নান
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। বর্তমানে তিনি জ্বালানি বিভাগের পরিকল্পনা অনুবিভাগে কর্মরত রয়েছেন।
রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হককে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে গত ৫ ফেব্রুয়ারি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এরফানুল হক। দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো।







































