
ফাইল ছবি
তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনটির শুনানির দিন আগামী বৃহস্পতিবার (২১ মে) নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করেন রিটকারীদের আইনজীবী মোকাররামুছ সাকলান।
পরে আদালত বৃহস্পতিবার দুপুরে এই বিষয়ে শুনানির সময় নির্ধারণ করেন।
গেল সপ্তাহে বিসিবির সাবেক দুই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদসহ ১২ জন পরিচালক বর্তমান অ্যাডহক বোর্ড বাতিল এবং স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে এই রিট পিটিশন দায়ের করেন।
রিটকারী ১২ জন হলেন— আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন ফাহিম, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।
রিট আবেদনে বলা হয়, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না— এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত শুনানি শেষে বেআইনিভাবে অপসারিত হওয়া নির্বাচিত কমিটিকে সপদে পুনর্বহালের আবেদনও করা হয়।
রিটে বিবাদী করা হয়েছে— যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব), বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির পক্ষে সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এর আগে গত ২০২৫ সালের অক্টোবর মাসে নির্বাচনের মাধ্যমে গঠিত আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার মেয়াদ ৩ মাস। এই কমিটির অধীনেই আগামী ৭ জুন বিসিবির নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গঠিত এই অ্যাডহক কমিটিতে আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান ছাড়াও সদস্য হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমাম। মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে। কমিটিতে আরও আছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
উল্লেখ্য, এর আগে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সাতজন আইনজীবী একটি রিট দায়ের করলে গত ১১ মে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সেটি খারিজ করে দিয়েছিলেন। এবার খোদ নির্বাচিত কমিটির সাবেক পরিচালকরাই সরাসরি আদালতের দ্বারস্থ হলেন।







































