
ফাইল ছবি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে জামাতটি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
বুধবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসবে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন এবং ঈদের নামাজ আদায় করবেন।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রতি বছরের মতো এবারও এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রী, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।












































